আদালত অবমাননায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড: ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায়
আদালত অবমাননার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাস এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে। রায়ে বলা হয়, দণ্ডপ্রাপ্তরা গ্রেফতার বা আত্মসমর্পণের দিন থেকে এই সাজা কার্যকর হবে।
মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করেন। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান অ্যামিকাস কিউরি হিসেবে দায়িত্ব পালন করেন।
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, শেখ হাসিনার কণ্ঠে একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তিনি বলেন, “আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।” পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এই অডিওর সত্যতা নিশ্চিত করে। এই বক্তব্যকে আদালত অবমাননাকর মনে করে প্রসিকিউশন ট্রাইব্যুনালে আবেদন দাখিল করে।
আদালতের নির্দেশে অভিযুক্তদের ১৫ মে’র মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়। জবাব না দেওয়ায় তাদের ২৫ মে’র মধ্যে হাজির হতে বলা হয়। এই নির্দেশ অমান্য করায় ২৬ মে ‘যুগান্তর’ ও ‘নিউ এজ’ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ৩ জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে তারা হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে।





