গবাদিপশুর রোগ প্রতিরোধে ভ্যাকসিন নিশ্চিত করা হবে: ফরিদা আখতার
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, গবাদিপশুর রোগ প্রতিরোধে সময়মতো ভ্যাকসিন প্রয়োগ নিশ্চিত করতে সরকার কাজ করছে। শনিবার সকালে মানিকগঞ্জ পৌরসভার জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে চারটি জেলায় গবাদিপশুর ক্ষুরারোগের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফরিদা আখতার বলেন, “গবাদিপশু পালনে রোগ নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ। ভ্যাকসিনের মাধ্যমে পশুদের রোগমুক্ত রাখা সম্ভব। এটি শুধু মাংস উৎপাদন বা রপ্তানির জন্য নয়, পশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্যও অপরিহার্য।” তিনি প্রাণিসম্পদ কর্মকর্তাদের সময়মতো ভ্যাকসিন প্রয়োগ এবং খামারিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, “দেশে এলএসডি রোগের ভ্যাকসিন উৎপাদনের চেষ্টা চলছে। কোরবানির হাটে এলএসডি আক্রান্ত গরুর উপস্থিতির গুজব ছিল, কিন্তু এমন কোনো ঘটনা প্রমাণিত হয়নি।” দুধের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চিলিং সেন্টার স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিদেশ থেকে গুঁড়া দুধ আমদানির পরিবর্তে দেশে চিলিং সেন্টার স্থাপন করলে খামারিরা বেশি উপকৃত হতেন। গুঁড়া দুধ আমদানি আমাদের জন্য লজ্জার।” তিনি বেসরকারি খাতকেও এই উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন বলেন, “খামারিরা দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সহযোগিতা ছাড়া এই প্রকল্প সফল হবে না।”
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন এবং অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান বক্তব্য রাখেন। প্রকল্প পরিচালক ডা. অমর জ্যোতি চাকমা পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান স্বাগত বক্তব্য দেন। সুফলভোগীদের পক্ষে সেবিকা মন্ডল ও আতাউর রহমান বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও ভোলায় গরু-মহিষের ক্ষুরারোগ নিয়ন্ত্রণে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।





