অন্তর্বর্তী সরকার জনগণের পছন্দের সরকার গঠনের সুযোগ করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার বাস্তবায়ন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের পছন্দের সরকার গঠনের সুযোগ করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফরিদা আখতার জানান, “জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনী সংস্কার বাস্তবায়ন করছে। নির্ধারিত সময়েই একটি সুন্দর নির্বাচন হবে।”
তিনি মৎস্য খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, “মাছ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও পুষ্টির অন্যতম উৎস। বিশেষ করে ছোট মাছের বিলুপ্তি রোধে এবং মৎস্য সম্পদের গুণগত উন্নতির জন্য বিএফআরআই, মৎস্য অধিদপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”
কর্মশালায় কীটনাশকের ক্ষতিকর প্রভাব নিয়েও আলোচনা করেন উপদেষ্টা। তিনি বলেন, “হাওর অঞ্চলে কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মৎস্য সম্পদের জন্য হুমকি। এটি নিয়ন্ত্রণে জাতীয় ও স্থানীয় পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে, যা মাছ ও জলজ প্রাণির নিরাপত্তা নিশ্চিত করবে।”





