সুন্দরবন বাঁচাতে সবাই মিলে কাজ করুন: রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “সুন্দরবন আমাদের একটাই, এটিকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” মঙ্গলবার পরিবেশ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৌশলগত পরিবেশ সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রিজওয়ানা হাসান সুন্দরবন রক্ষায় কংক্রিট অ্যাকশন প্ল্যান এবং একটি কার্যকর সমন্বয় কাঠামো গঠনের উপর জোর দেন। তিনি বলেন, “সুন্দরবনের কোনো ঝুঁকি চিহ্নিত হলে বন ও পরিবেশ অধিদপ্তর দ্রুত তা উত্থাপন করবে, এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো তা বাস্তবায়নে পদক্ষেপ নেবে।”
তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিমেন্ট কারখানাগুলোর পরিবেশগত প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেন। এছাড়া, জরুরি ভিত্তিতে করণীয় নির্ধারণে মন্ত্রণালয়কে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরির তাগিদ দেন।
সুন্দরবন সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে ‘বটম-আপ প্রসেস’ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “অবৈধ কার্যক্রম রোধে বন বিভাগের দক্ষতা বৃদ্ধি করতে হবে।”





