কোনো অপরাধীকেই ছাড় নয়: ঈদে অনলাইন জিডির উদ্যোগ
ছোট-বড় কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পুটি, কাতলা, রুই—কাউকেই ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান।”
ঈদুল আজহাকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তার কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি জানান, “পর্যাপ্ত নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে দ্রুত নিকটস্থ থানায় অভিযোগ জানান। কোনো থানা মামলা গ্রহণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
নাগরিক সেবা সহজ করতে সরকারের নতুন উদ্যোগের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, “সিলেট মহানগরীতে পাইলট প্রকল্প হিসেবে অনলাইনে জিডি কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতে অনলাইনে মামলা দায়েরের ব্যবস্থাও চালু করা হবে। মানুষ যাতে ঘরে বসে আইনি সেবা পায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।”





