ঈদুল আজহায় ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপির ব্যাপক প্রস্তুতি
পবিত্র ঈদুল আজহা উদযাপনে ঢাকা মহানগরীতে নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত ও সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহের মধ্য দিয়ে ঢাকায় ঈদ উদযাপনের জন্য সার্বিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।”
কমিশনার জানান, এ বছর ঢাকা মহানগরীতে ১১৮টি ঈদগাহ এবং ১,৬২১টি মসজিদসহ মোট ১,৭৩৯টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররমসহ সব জামাতের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে জাতীয় ঈদগাহ মাঠ পুরোপুরি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পর্যাপ্ত ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া, ওয়াচ টাওয়ার স্থাপন, বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট এবং ক্যানাইন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা সংস্কার করা হয়েছে। কমিশনার বলেন, “মহানগরীর কোনো ঈদ জামাতই নিরাপত্তার বাইরে থাকবে না।”
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, এবারের ঈদকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। এ সময় ডিএমপি কমিশনার ঢাকা মহানগরবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, ঈদের নামাজ আদায় করতে আসা মুসল্লিগণ যাতে সহজে যাতায়াত করতে পারেন এজন্য জাতীয় ঈদগাহ ময়দানের আশেপাশে চারটি স্থানে সকাল ছয়টা হতে ঈদের নামাজ শেষ না হওয়া পর্যন্ত ডাইভারশন/রোড ব্লক থাকবে। এছাড়া জাতীয় ঈদগাহ ময়দানে আসা সর্বসাধারণের গাড়ি পার্কিং এবং ডাইভারশন চলাকালীন যানবাহন চলাচলের বিকল্প রাস্তা সংক্রান্তে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।





