ময়মনসিংহে মেয়াদোত্তীর্ণ ‘মদপানে’ ৩ জনের মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ মদ খেয়ে তিনজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার চরআলগী ইউনিয়নের টুমপাড়া মুদিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল জলিল (৪২), একই গ্রামের রাশেদের ছেলে সুমন (৪০) ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নিজাম উদ্দিন (৪০)।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে আব্দুল জলিলের ফুপাতো ভাই পার্শ্ববর্তী হোসেনপুর থানার পিপলাকান্দি গ্রামের মাসুদ তার বন্ধু নিজাম উদ্দিনকে নিয়ে এক বোতল মেয়াদোত্তীর্ণ হুইস্কিসহ জলিলের বাড়িতে আসেন। গভীর রাতে ছয়জন মিলে হুইস্কি পান করেন। পরে এদের মধ্যে তিনজন অজ্ঞান হয়ে যান।
বুধবার সারাদিন এ অবস্থায় থাকলেও হাসপাতালে নেওয়া হয়নি। বৃহস্পতিবার ভোরের দিকে অবস্থার অবনতি হলে স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সুমন মারা যান। পরে জলিল ও নিজামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে চিকিৎসক তাদেরকেও মৃত ঘোষণা করেন।





