আওয়ামী লীগের লিফলেট বিতরণ করতে দেখামাত্রই গ্রেফতার
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আপনারা দেখেছেন, পতিত স্বৈরাচারের দোসররা অনেক কিছু করতে চাচ্ছেন। তারা লিফলেট বিতরণ করছেন। একটা বিষয় মনে রাখবেন, যারা এ ধরনের লিফলেট বিতরণ করবেন তাদের জন্য আমাদের মেসেজ হলো- তাদের গ্রেফতার করা হবে। কারণ লিফলেটে সেসব কথা আছে সেগুলো ল অ্যান্ড অর্ডারকে ক্ষতিগ্রস্ত করে। ফলে লিফলেট বিতরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি অজ্ঞাত স্থান থেকে ফেসবুক পেজে কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। সেই মোতাবেক গত শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দলটির পক্ষে লিফলেট বিতরণের খবর পাওয়া গেছে।
এরই মধ্যে লিফলেট বিতরণ করার দায়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, ‘এছাড়া তারা (আওয়ামী লীগ) অনলাইনে এ সরকারকে নিয়ে কীভাবে মিস ইনফরমেশন দিচ্ছে…। পতিত স্বৈরাচারকে নিয়ে বলছেন, তিনি নাকি এখনো প্রধানমন্ত্রী। তো পুরো বিষয়টা আমরা মনিটর করছি। ফলে যারা এ ধরনের লিফলেট বিতরণ করবেন বা এ ধরনের কর্মসূচিতে যাবেন, তাদের গ্রেফতার করা হবে।’





