“পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা করলে কঠোর হস্তে দমন করব”
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে উঠলে জনগণ সুফল পাবে। পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা করলে কঠোর হস্তে দমন করবে সরকার।
আজ রোববার সকালে রাজশাহীর গোদাগাড়ীতে গৌরাঙ্গবাড়ী মন্দিরে দরিদ্র সাঁওতাল পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, দুর্গাপূজা আসন্ন। রাজশাহী বিভাগের সনাতন ধর্মের লোকেরা যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপন করতে পারে সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। কেউ যদি উপাসনালয়ে, পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, বাধা দেয় আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করব। হামলাকারী যেই হোক তাকে আমরা ছাড় দেবো না। আইনের আওতায় এনে প্রচলিত আইনে শাস্তির বিধান করব।
পূজামণ্ডপের নিরাপত্তায় কমিউনিটির মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণকে মন্দিরের নিরাপত্তায় পালাক্রমে পাহারার দায়িত্ব দিতে হবে। এতে দুষ্কৃতকারীরা পূজামণ্ডপে হামলা করার সাহস পাবে না। তিনি শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দিরে বিধবা মহিলা ও অনাথ লালন-পালনের কার্যক্রম হাতে নেয়ার অনুরোধ জানান।
আরও পড়ুনঃ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্য ১২ সেপ্টেম্বর





