আফগানিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় ৩৩ জনের প্রাণহানি
আফগানিস্তানে তিনদিনের বেশি সময় ধরে ভারী বৃষ্টি এবং আকস্মিক বন্যায় কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আফগান সরকারের বিপর্যয় ব্যবস্থাপনা দফতর।
দেশটির এক মুখপাত্র জনান সায়েক বলেন, শুক্রবার থেকে বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং ২৭ জন আহত হয়েছে। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে ভবনের ছাদ ধসে।
প্রায় ৬০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া প্রায় প্রায় ৬০০ কিলোমিটার (৩৭০ মাইল) রাস্তা ভেঙে গেছে এবং প্রায় দুই হাজার একর কৃষিজমি বন্যার পানিতে ভেসে গেছে।
আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে প্রায় ২০টি প্রদেশেই প্রবল বৃষ্টি আঘাত হেনেছে। ফলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে পূর্ব আফগানিস্তানে ব্যাপক তুষারপাতের পর ভূমিধসে কমপক্ষে ২৫ জন নিহত হয়। এছাড়া গত মার্চে তিন সপ্তাহ ধরে চলা বর্ষণে প্রায় ৬০ জন প্রাণ হারায়।
আরও পড়ুনঃ গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরু ২৭ এপ্রিল





