“রমজানে কোনো পণ্যের সরবরাহে সংকট নেই”
আসন্ন রমজানে কোনো পণ্যের সরবরাহে সংকট নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল আলম টিটু।
আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে প্রশাকদের অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, তেলের যে দাম কমানো হয়েছে, সেটি আজকালের মধ্যেই কার্যকর হবে। এরই মধ্যে ফ্যাক্টরি লেভেলে তেলের দাম কমানো হয়েছে কি না, সেটা ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে ভিজিট করেছি। ডিসিদের নির্দেশ দিয়েছি বাড়তি দামে বিক্রি হলে ব্যবস্থা নিতে।
তিনি বলেন, আমরা ডিসিদের বলেছি, উৎপাদন এলাকার পণ্যগুলোর সাপ্লাই চেনে যেন কোনো সমস্যা না হয়। পরিবহন ব্যবস্থা যেন শৃঙ্খলভাবে হয়। এসব বিষয়ে তাদের পরামর্শ দিয়েছে এবং নির্দেশনা দিয়েছে।
মৌসুমের এ সময়ে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০-৪০ টাকা হয়। এ সময়ে এসে দাম এত বেশি কেন- জানতে চাইলে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কৃষক যাতে পেঁয়াজের দাম পায় সেদিকে জোর দেওয়া হচ্ছে। এছাড়া বাজারে অন্যান্য দ্রব্যের দাম বেড়েছে, তাই পেঁয়াজের দামও বেড়েছে।
কৃষক আদৌ দাম পাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জেনেছি, কৃষক এবার পেঁয়াজের ভালো দাম পেয়েছে। এবার ভালো দাম পেয়েছে বলে আগামীতে তারা পেঁয়াজ উৎপাদনে আরও আগ্রহী হবেন।





