বাংলাদেশের প্রবৃদ্ধি অনেক উন্নয়নশীল দেশকেও ছাড়িয়ে গেছে
বাংলাদেশের উল্লেখযোগ্য প্রবৃদ্ধির প্রশংসা করে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের প্রবৃদ্ধি অনেক উন্নয়নশীল দেশ এমনকি দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশকেও ছাড়িয়ে গেছে।
ব্রিটিশ লেখক স্যামুয়েল রিচার্ড প্রণীত ‘বাংলাদেশ: ফ্রম বাস্কেট কেস টু এশিয়ান টাইগার’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে আলোচনায় অংশ নিয়ে জি-২০ এর প্রধান সমন্বয়ক শ্রিংলা এই অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন, বর্তমান নেতৃত্বে বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন সূচকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী ও বিশ্বস্ত বন্ধু হিসাবে, আপনাদের উন্নয়ন আমাদের উন্নয়ন এবং আমাদের উন্নয়নই আপনাদের উন্নয়ন।’
এ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ যখন তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়, তখন পাকিস্তান ছিল প্রবৃদ্ধির দেশ এবং বাংলাদেশকে তলা বিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।
তিনি বলেন, কিন্তু এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, কারণ পাকিস্তানই এখন তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে এবং বাংলাদেশ আর্থ-সামাজিক অগ্রগতির দিক থেকে এশিয়ান টাইগার হিসেবে আবির্ভূত হয়েছে।
বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী শ্রিংলা বলেন, দৃঢ় শাসন, রাজনৈতিক নেতৃত্ব, নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশকে বিভিন্ন উন্নয়ন সূচকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করতে সহায়তা করেছে।
তিনি গত ১৫ বছরে আর্থ-সামাজিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের প্রশংসা করে বলেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে, ভারত প্রবৃদ্ধির অংশীদার হতে পেরে খুশি।
আরও পড়ুনঃ “প্রবাসী সাংবাদিক ও কিছু বাঙালি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতে বাধ্য করছে”





