৬৪ বোতল মদ এনে জাতীয় দল থেকে বাদ পড়তে যাচ্ছেন ৫ ফুটবলার
গত সেপ্টেম্বরে এএফসি কাপ খেলেরথেকে ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ ফুটবলারের ব্যাগ থেকে বিমানবন্দরের কাস্টম কর্মকর্তারা ৬৪ বোতল মদ পেয়েছিলেন। আলোচিত পাঁচ ফুটবলার হলেন- তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন।
এ ঘটনার পর নিজেদের ক্লাব বসুন্ধরা কিংস থেকে সাময়িক নিষেধাজ্ঞা পেয়েছেন তারা। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও শাস্তি পেতে পারেন তারা।
এদিকে চলতি মাসের ১২ এবং ১৭ তারিখ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে দলের অন্যতম সেরা তিন তারকা তপু বর্মণ, আনিসুর রহমান জিকো এবং শেখ মোরসালিনকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। বুধবার (৪ অক্টোবর) বাফুফের এক সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাহউদ্দিন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের সাময়িক নিষিদ্ধ করার ইঙ্গিতও দিয়েছেন বাফুফে বস।
তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাফুফে। বুধবারের মিটিংয়ে দুর্নীতির দায়ে অভিযুক্ত বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
আরও পড়ুনঃ মাল্টিপল স্ক্লেরোসিস এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক কী?





