শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন ৭ অক্টোবর
আগামী ৭ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার থার্ড টার্মিনালের প্রস্তুতির সবশেষ অবস্থা জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
মো. মফিদুর রহমান বলেন, নির্ধারিত সময়ের আগেই আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন করতে যাচ্ছি। সুবিশাল টার্মিনাল নির্মাণ কাজ শেষ। ব্যাগেজ স্ক্যানিং, বোর্ডিং ব্রিজ করা, চেক ইন কাউন্টার এবং কিছু চলাচল ব্যবস্থার কাজ শেষ হয়েছে। এরই মধ্যে ৮৯ শতাংশ কাজ শেষ। ৭ অক্টোবরের আগেই ৯০ শতাংশ কাজ শেষ হবে।
এপ্রোনের কাজ শেষের দিকে। দুয়েকদিনের মধ্যেই এখানে বিমান পার্কিং করা হবে জানিয়ে সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলেন, এরই মধ্যে রানওয়ের সঙ্গেও সংযোগ দেয়া হয়েছে। সেই সঙ্গে অটোমেটিক রোবোটিক সমৃদ্ধ কার্গো টার্মিনাল করা হয়েছে। পাশাপাশি যাতায়াত সহজ করতে মাল্টিপল ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া হজ ক্যাম্প থেকে সরাসরি টানেল নির্মাণে সেনাবাহিনীকে কাজ দেয়া হয়েছে।
সফট ওপেনিংয়ের পর বাকি ১০ শতাংশ কাজের মধ্যে সব ইন্টেরিয়র কাজ উল্লেখ করে সিভিল এভিয়েশন চেয়ারম্যান জানান, থার্ড টার্মিনালের সম্পূর্ণ কাজ শেষ করতে আরও এক বছর সময় লাগবে।
তিনি বলেন, এখানে ১ হাজার ২৩০টি গাড়ি একসঙ্গে পার্কিং করতে পারবে।
সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলেন, সফট ওপেনিংয়ের পর বিমানবন্দরের অবকাঠামোসহ অন্যান্য বিষয় সিভিল এভিয়েশন বুঝে নেবে। এছাড়া আকাশ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সিভিল এভিয়েশন সার্বিক কাজ করে যাচ্ছে।
এ টার্মিনাল নির্মাণ শেষে বেশি পরিমাণ বিমান যাতায়াত শুরু হলে বিমানের ভাড়া কমে আসবে মন্তব্য করে তিনি জানান, এতে দেশের এভিয়েশন খাতের ভাবমূর্তি উজ্জ্বল হবে। সরকারের বড় একটি অর্জন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল।





