“খালেদা জিয়াকে বিদেশে না নিলে তাকে বাঁচানো দুষ্কর হবে”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে না নিলে তাকে বাঁচানো দুষ্কর হয়ে যাবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে রোববার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে কান্নাজরিত কন্ঠে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, খালেজা জিয়া গৃহবন্দি অবস্থায় রয়েছেন। এর আগে তিনবার হাসপাতালে গেলেও এবার তার শারীরিক অবস্থা খুবই খারাপ। আমি গতকালকেও তাকে দেখতে গিয়েছিলাম। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। চিকিৎসকরা বলছেন তাকে অতি দ্রুত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যেতে হবে।
এই অবৈধ সরকারকে বলতে চাই, খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেন। নেত্রীর যদি কোনো ক্ষতি হয় তবে নেত্রীর নয়, দলের নয়,পুরো বাংলাদেশের জন্য অনেক বড় ক্ষতি হবে।
বিএনপি মহাসচিব বলেন, আজকে গায়ের মধ্যে আগুন লেগে গেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, বিদেশে পাঠাতে হবে। নয়তো এ দেশের মানুষ আপনাদের নিষেধাজ্ঞা দেবে।
তিনি বলেন, আওয়ামী লীগ জোর করে এ দেশের জনগণের ওপর সংবিধান চাপিয়ে দিয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে যদি এ সরকার আবার ক্ষমতায় আসে।





