দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৪ জনে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ৬০৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯২ জন, ঢাকার বাইরে ১ হাজার ৭১৬ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮ জন, ঢাকার বাইরের ৮ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৩০ হাজার ৩০২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬০ হাজার ৪৮৪ জন আর ঢাকার বাইরের ৬৯ হাজার ৮১৮ জন।
গত ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৮২৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৬ হাজার ৯২ জন এবং ঢাকার বাইরের ৬৪ হাজার ৭৩১ জন।
২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
আরও পড়ুনঃ হাইপোথাইরয়েডিজমের সমস্যায় ভুগলে খাবারগুলো থেকে দূরে থাকুন





