উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার সরকার বারবার দরকার: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে গত সাড়ে ১৪ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। তার গতি ঠিক রাখতে বা ধারাবাহিকতা বজায় রাখতে বাংলাদেশে শেখ হাসিনার সরকার বারবার দরকার।
মন্ত্রী আজ শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় এলজিইডি বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেট সদর উপজেলার মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রায় ১৮৯ কোটি টাকা ব্যয়ে ইতোমধ্যে তিন শতাধিক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। অসমাপ্ত প্রকল্পগুলো আগামী নির্বাচনের আগেই শেষ করতে তিনি প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
মন্ত্রী বলেন, জিনিসপত্রের দাম কেবল অভাবের কারণেই বাড়েনা। বিভিন্ন কারণে বিশেষ করে মধ্যসত্ত্বভোগীদের কারণেও বাড়ে। তাই কোন জমি যাতে পতিত না থাকে সেদিকে খেয়াল রাখার প্রতি গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, একটা মরিচের গাছ লাগালে পরিবারের মরিচের চাহিদা মেটানো যায়। এসব ব্যাপারে সবাইকে খেয়াল রাখতে হবে।
পররাষ্ট্রমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব সুন্দর একটা নির্বাচন হবে।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ গর্ভাবস্থায় এই বিষয়গুলি উপেক্ষা করা আপনার পাশাপাশি শিশুর জন্যও বিপজ্জনক





