১৫ গ্রাম নিয়ে শুরু হচ্ছে ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্প
প্রাথমিকভাবে ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে পাইলট হিসেবে ১৫টি গ্রাম বাছাই করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সব গ্রামের ফলাফল দেখে অন্য গ্রামে অনুসরণ করার নির্দেশ দিয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানী শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন তিনি।
সভাশেষে প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি জানান, ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে পাইলট হিসেবে ১৫টি গ্রাম বাছাই করা হয়েছে। ওই সব গ্রামের ফলাফল দেখে অন্য গ্রামে অনুসরণ করতে বলেছেন। এই প্রকল্পের বাস্তবায়নে সংশ্লিষ্টদের সমন্বয় করার নির্দেশনাও দেয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য ৮০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আওতায় ১৫টি গ্রামে সুপেয় পানি, আবাসন সুবিধা, কমিউনিটি স্পেসসহ নানা নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। গ্রামীণ যোগাযোগ, গ্রোথ সেন্টার ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সমীক্ষা হবে বলে জানানো হয়েছে।
এর বাইরে সিলেটে দেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণে ২ হাজার ৩৬ কোটি টাকার প্রকল্পসহ একনেক সভায় ১৮ হাজার ১০ কোটি টাকা ব্যয়ে ১৫টি প্রকল্প অনুমোদন পায়।
এদিকে আজকের একনেক সভায় মৌসুমি সবজি ও ফল সংরক্ষণের প্রকল্প নেয়া, পরিবেশ রক্ষা করে উপকূল নিয়ে সাবধানে প্রকল্প নেয়া, কাজের জটিলতা নিরসনে মন্ত্রণালয়গুলোর সমন্বয়হীনতা দূর করাসহ বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভায় প্রধানমন্ত্রী বলেন, নির্মাণ সামগ্রীর দাম বেশি। এর প্রভাব প্রকল্প ব্যয়ে পড়ছে। কাজেই রেট সিডিউল পরিবর্তন করা হবে।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ শিশুদের গেমিং আসক্তি তাদের নানা রোগের দিকে ঠেলে দিচ্ছে, জানুন কীভাবে?





