এসএসসিতে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী
চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ রোববার চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন রাজধানীর বাড্ডা হাইস্কুলে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস নিয়ে গুজব রটানো রোধে সার্বক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করা হচ্ছে। যেখানেই কোনো ব্যত্যয় দেখা যাচ্ছে, কেউ গুজব ছড়াবার চেষ্টা করছে বা কিছু হচ্ছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আগামী বছর পরীক্ষার সময় এগোবে কিনা জানতে চাইলে তিনি জানান, কোন সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে পারবেন সারা দেশের শিক্ষকদের সে সংক্রান্ত মতামতের ভিত্তিতে আগামী বছর পরীক্ষা এগিয়ে আনার চেষ্টা করা হবে। তিনি বলেন, যারা পরীক্ষা দেবে তারা পুরো প্রস্তুতির সময় পেয়েছে কিনা তা দেখা হবে। তাড়াহুড়ো না করে সিলেবাস স্বস্তিতে শেষ করতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, গত বছর আমরা পরীক্ষা এগিয়ে আনতে পারতাম, তবে বন্যার কারণে পেছাতে হয়েছে। এবার গত বছরের চেয়ে অনেকটা এগিয়ে এনেছি। সামনের বছর চেষ্টা করবো, স্বাভাবিকের যত কাছাকাছি যাওয়া যায়।
আরও পড়ুনঃ সবচেয়ে বেশি স্পেসওয়াকের বিশ্ব রেকর্ড করেছেন এই মহাকাশচারী





