২৪ ঘণ্টার ব্যবধানে ফের রেকর্ড ছোঁয়া সোনার দাম!
দেশের বাজারে সোনার দামে আবারও বড় উল্লম্ফন। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ৯১৬ টাকা। এতে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজার ৭৮৫ টাকা, যা দেশের ইতিহাসে নতুন রেকর্ড। মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) থেকে এই দাম কার্যকর হবে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (খাঁটি সোনা) মূল্য বৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৫ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গতকাল (৫ জানুয়ারি) ২২ ক্যারেটের ভরি সোনার দাম বাড়ানো হয়েছিল ২ হাজার ২১৬ টাকা, যা নির্ধারিত হয় ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। ফলে মাত্র দুদিনে ভালো মানের সোনার দাম বেড়েছে ৫ হাজার ১৩২ টাকা। এই টানা বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক বাজারে সোনার দামের ঊর্ধ্বগতি প্রধান ভূমিকা পালন করছে।





