১০ ডিসেম্বর নয়াপল্টনেই হবে বিএনপির গণসমাবেশ
আগামী ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনেই করার সিদ্ধান্ত পুনরায় জানিয়েছে দলটি। গণসমাবেশ সফল করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
আজ বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের স্থান নির্বাচন নিয়ে সরকারের দুরভিসন্ধিমূলক তৎপরতা নিয়ে আলোচনা হয়। সভায় পূর্বঘোষিত ১০ ডিসেম্বরের গণসমাবেশ নয়াপল্টনে অনুষ্ঠানের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়। বিএনপি মনে করে, সমাবেশ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে আরও বেগবান করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায়, চলমান গণ-আন্দোলনিকে দমন করার লক্ষ্যে অবৈধ সরকার পুনরায় সাজানো গায়েবি মামলা দিচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। প্রতিদিন অসংখ্য নেতাকর্মীর বাড়ি-বাড়ি গিয়ে তল্লাশি ও হয়রানি করছে। এরই মধ্যে ৬ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মামলা হয়েছে প্রায় ২২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে। একদিকে কোথাও বাধা দেওয়া হবে না বলে নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করছে পুলিশ। সভায় এ ধরনের নিকৃষ্ট দমননীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
আরও পড়ুনঃ “লোক হবে না বলেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় না বিএনপি”





