“স্বতন্ত্র ইস্যুতে শরিকদের সঙ্গে আপস করার সুযোগ নেই”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বতন্ত্র প্রার্থীদের আওয়ামী লীগ নির্বাচন থেকে সরে যেতে বলবে না। স্বতন্ত্র ইস্যুতে শরিকদের সঙ্গে আপস করার সুযোগ নেই।
আজ বুধবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আমাদের জোট নিয়ে বিভিন্ন ধরনের শঙ্কা, গুজব, গুঞ্জন আছে। তবে আমরা সতর্ক আছি। আমাদের বিভ্রান্ত করতে পারবে না।
তিনি বলেন, আগামী নির্বাচন আমাদের সফল করতে হবে, শান্তিপূর্ণ করতে হবে এবং ব্যাপক ভোটারের উপস্থিতি করতে হবে। দেশের মানুষকে ভয়ভীতির মধ্যে রাখতে বিএনপি ও তার দোসররা চক্রান্ত করছে। তারা যতই ষড়যন্ত্র করুক, মানুষ নির্বাচনমুখী। গ্রামগঞ্জে ভোটাররা উৎসবমুখর পরিস্থিতির মধ্যে রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, গাজীপুরে ট্রেনে নাশকতা। এটি নির্বাচনবিরোধী ষড়যন্ত্র। রেলের নাশকতা ও আগুনসন্ত্রাস করে তারা দেশে কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়? এটিই প্রশ্ন। বিএনপি ও তার দোসররা নাশকতার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায়। আমরা সতর্ক পাহারার জোরদার করছি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জাতীয় পার্টি নির্বাচন করতে চায়, জোটে থাকতে চায়। তবে আমরা নিশ্চিত হতে চাই। এ নিয়ে অস্থিরতার কারণ নেই। স্বতন্ত্র প্রার্থীদের আওয়ামী লীগ নির্বাচন থেকে সরে যেতে বলবে না। স্বতন্ত্র ইস্যুতে শরিকদের সঙ্গে আপস করার সুযোগ নেই।
আরও পড়ুনঃ গাজীপুরে রেললাইন কাটল অবরোধকারীরা, বগি লাইনচ্যুত হয়ে ১ জন নিহত





