সুপ্রিম কোর্টের যেকোনো রায় এখন বাংলায় পড়তে পারবে সাধারণ মানুষ
সাধারণ মানুষ এখন সুপ্রিম কোর্টের যেকোনো রায় বাংলায় পড়তে পারবেন বলে জানিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, প্রত্যেকটি রায় যাতে অনুবাদ করা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সে বিষয়ে নতুন একটি প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে যেকোনো ব্যক্তি, বিচারপ্রার্থী শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে রায় অনুবাদ করে পড়তে পারবেন।
আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত সব রায় বাংলায় অনুবাদ করা হবে। প্রত্যেকটি রায় যাতে অনুবাদ করা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সে বিষয়ে নতুন একটি প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে যেকোনও ব্যক্তি, বিচারপ্রার্থী শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে রায় অনুবাদ করে পড়তে পারবেন। আমাদের কর্মকর্তারা যে রায়গুলো ইতোমধ্যে লিখেছেন সেগুলো যাতে সুষ্ঠুভাবে অনুবাদ করা হয়, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
প্রধান বিচারপতি বলেন, আমি সবাইকে অনুরোধ করবো আসুন, আমরা যে আদর্শের ভিত্তিতে রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করেছি, সেই বাংলাদেশকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশের বিচার ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। আমরা স্বপ্ন দেখি একটি সুন্দর-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। এই স্বপ্ন আমরাই বাস্তবায়ন করবো। এই শতাব্দী হবে আমাদের শতাব্দী।
আরও পড়ুনঃ একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা





