লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ প্রবাসী বাংলাদেশি নিহত
মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১১ মে) দুপুরে দেশটির দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ও নাহিদুল ইসলাম সম্পর্কে আপনজন এবং দুজনেই সাতক্ষীরা জেলার বাসিন্দা।
লেবাননের আকাশ যখন বারুদের গন্ধে ভারী, ঠিক তখনই ভাগ্য অন্বেষণে যাওয়া দুই বাঙালির জীবন প্রদীপ নিভে গেল বিদেশের মাটিতে। লেবানন-ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনার বলি হলেন তারা।
সোমবার স্থানীয় সময় দুপুরে জিবদিন এলাকায় তাদের নিজেদের আবাসস্থলে যখন ইসরায়েলি যুদ্ধবিমান থেকে গোলাবর্ষণ করা হয়, তখন তারা ঘরের ভেতরেই অবস্থান করছিলেন। বিস্ফোরণে ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান এই দুই প্রবাসী।
নিহতদের পরিচয় নিশ্চিত করেছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রবাসীরা। নিহতরা হলেন সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর এলাকার আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং একই জেলার বাসিন্দা মো. নাহিদুল ইসলাম। শফিকুলের মা আজেয়া খাতুন ছেলের ফেরার পথ চেয়ে বসে থাকলেও সোমবার দুপুরের সেই মরণঘাতী হামলা সব হিসাব পাল্টে দিয়েছে।
দূতাবাস জানায়, সোমবার দুপুর ১২টার দিকে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় তাদের আবাসস্থলে ইসরায়েলের বিমান হামলা হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে তাদের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়।
দুই প্রবাসীর মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দূতাবাস।





