রাশিয়ার জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৩
রাশিয়ার একটি এসইউ-৩৪ জঙ্গি বিমান দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কে বিধ্বস্ত হয়ে নিকটবর্তী একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে যায়। এ ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছে।
সোমবার ইয়েস্কের স্থানীয় সময় সন্ধ্যায় এসইউ-৩৪ সুপারসনিক ফাইটার-বোম্বারটি একটি আবাসিক ভবনের সামনের উঠানে বিধ্বস্ত হয়।
বিধস্ত হওয়ার পর পরই বিমানটিতে থাকা জেট ফুয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন সংলগ্ন একটি অ্যাপার্টমেন্ট ভবনের প্রথম পাঁচ তলার ২০০০ মিটার স্কয়ারজুড়ে ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ভবনটি পরীক্ষা করে দেখা হয়।
এ বিষয়ে রাশিয়ার সহকারী স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্সি কুজনিয়েৎসভ সাংবাদিকদের জানিয়েছেন, সর্বশেষ তথ্য অনুযায়ী এ ঘটনায় ৩ শিশুসহ ১৩ জন নিহত হয়েছে ও ১৯ জন আহত হয়েছে। আহত ১৯ জনের মধ্যে চার জনকে ক্রাসনাদোর আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের ইয়েস্ক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি শেষ করেছে এবং এ সময় ৬৮ জনকে জীবিত উদ্ধার করেছে ও ৩৬০ জনকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে বলে মন্ত্রণালয়টি জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে আরও ১০ জনের মৃতদেহ পাওয়া যায়। এতে মোট মৃতের সংখ্যা ৩ শিশুসহ ১৩ জনে দাঁড়ায়। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছে।
প্রশিক্ষণ ফ্লাইটের জন্য নিকটবর্তী একটি সামরিক বিমানক্ষেত্র থেকে এসইউ-৩৪টি উড্ডয়ন করেছিল। উড্ডয়নের পরপরই পাইলট বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে গেছে বলে কন্ট্রোল রুমকে জানিয়েছিলেন। জরুরি নির্গমণ পদ্ধতি ব্যবহার করে পাইলট বিমানটি থেকে বের হয়ে নিজেকে রক্ষা করেন।





