রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর পোস্তগোলা ব্রিজে কাভার্ডভ্যানের চাপায় সালাম সিদ্দিক ফরহাদ (২১) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (১ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর পোস্তগোলা ব্রীজের এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু শাওলিন (২৬)।
নিহতের বড় ভাই এইচ এম সিদ্দিক জানান, চাঁদপুর সদর উপজেলার মির্জাপুর গ্রামের আমির হোসেনের ছেলে ফরহাদ। পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের ঝালকুড়ি এলাকায় থাকতেন। ৩ ভাই ও ১ বোনের মধ্যে ৩য় ফরহাদ। পেশায় তেমন কিছুই করতেন না।
হাসপাতালে নিহত ফরহাদের বন্ধু তানভির মৃধা জানান, শনিবার ইফতারের পর তারা ৬ বন্ধু মিলে ৩টি মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে ঘুরতে যান। ফেরার পথে পোস্তগোলা ব্রিজের ইকুরিয়া ঢালে একটি কাভার্ডভ্যানকে পাশ কাটিয়ে যাওয়ার সময় রেলিংয়ের সঙ্গে বেধে ছিটকে পড়েন ফরহাদ ও পেছনে বসে থাকা শাওলিন। তখন ওই কাভার্ডভ্যানের নিচেই পৃষ্ট হন ফরহাদ। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে ফরহাদকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে শাওলিনের আঘাত গুরুতর না। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।





