রবি ঠাকুরের নামে ব্যাকটেরিয়ার নাম
নতুন প্রজাতির একটি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ব্যাকটেরিয়াটির নাম দেয়া হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজির অধ্যাপক বোম্বা দাম ও পাঁচ সহকারী গবেষক পাঁচ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন। তারা নতুন প্রজাতির এই ব্যাকটেরিয়ার নামকরণ করা হয়েছে ‘প্যান্টোইয়া টেগোরি’।
কৃষিক্ষেত্রে এনপিকে পরিচিত নাম। নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম এই তিনের অনুপাতকে সংক্ষেপে এনপিকে বলা হয়। উদ্ভিদের বৃদ্ধিতে এই তিন পদার্থ অপরিহার্য। কিন্তু মাটি থেকে এগুলো সহজে পাওয়া যায় না।
এজন্য রাসায়নিক সার ব্যবহার করে ঘাটতি মেটানো হয়। তবে পরিবেশের কথা মাথায় রেখে জৈব সারের ব্যবহারে প্রাধান্য দেয়ার কথা বলছেন কৃষিবিজ্ঞানীরা। সেই উদ্দেশ্যেই নতুন ব্যাকটেরিয়ার খোঁজ শুরু করেন বিশ্বভারতীর অধ্যাপক বোম্বা দাম ও তার সহযোগীরা।
গবেষক দল ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ঝরিয়া কয়লাখনি সংলগ্ন এলাকায় সন্ধান চালান। সেখানেই নতুন প্রজাতির ওই ব্যাকটেরিয়ার খোঁজ মেলে। এরপর ওই ব্যাকটেরিয়াকে ফেনোটাইপিক ও জেনোটাইপিক পদ্ধতিতে চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয়টি খতিয়ে দেখা হয়।
সেখানেই গবেষক দল আবিষ্কার করেন, এটি একটি নতুন প্রজাতির ব্যাকটেরিয়া। যেখানে ওই ব্যাকটেরিয়া উদ্ভিদের এনপিকের ঘাটতি মেটাতে সাহায্য করছে বলে জানতে পারেন তারা। এই বিষয়টি দেখে তারা অভিভূত হয়ে যান।





