যুক্তরাষ্ট্রের স্টেট পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী বাংলাদেশিদের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
৭ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের স্টেট পার্লামেন্ট নির্বাচনে ১ জন সিনেটরসহ কাউন্সিলর পদে বহু বাংলাদেশি বিজয় লাভ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের স্টেট পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী বাংলাদেশিদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার সৌদি সফররত পররাষ্ট্রমন্ত্রী এক অভিনন্দন বার্তা পাঠান।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, সিনেটর, কাউন্সিল অ্যাট লার্জ ও কাউন্সিলর পদে বাংলাদেশিদের বিপুল বিজয় প্রমাণ করে যে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীরা একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। বিজয়ী জনপ্রতিনিধিরা যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের পাশাপাশি বাংলাদেশের কল্যাণেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
উল্লেখ্য, ৭ নভেম্বর অনুষ্ঠিত স্টেট পার্লামেন্ট নির্বাচনে ভার্জিনিয়া স্টেটের সিনেটর হিসেবে বিজয়ী হয়েছেন সাদ্দাম সেলিম। ফিলাডেলফিয়া সিটির কাউন্সিল অ্যাট লার্জ (মেয়রের সমপর্যায়ের) পদে বিজয়ী হয়েছেন ড. নীনা আহমেদ। নিউইয়র্ক সিটি কাউন্সিলে কাউন্সিলর হিসেবে পুনরায় জয়ী হয়েছেন শাহানা হানিফ। মিলবোর্ন সিটির নির্বাচনে কাউন্সিলর পদে আবারও জয়ী হয়েছেন নুরুল হাসান এবং সালাহউদ্দিন মিয়া।
এছাড়া হাডসন সিটি কাউন্সিলে বিজয়ী হয়েছেন কাউন্সিলর শেরশাহ মিজান, দেওয়ান সারওয়ার এবং রনি ইসলাম ও ওয়ার্ড সুপারভাইজার আবদুস মিয়া। মিশিগান স্টেটের হ্যামট্রমিক সিটির প্রো-টেম মেয়র হিসেবে কামরুল হাসান টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন এবং প্রথমবারের মতো কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন মোহতাসিন সাদমান।
আরও পড়ুনঃ “বাংলাদেশে ই-ভিসা খুব শিগগিরই চালু হবে”





