মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন খারিজ করেছেন আদালত। ফলে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানায় করা মামলায় তার জামিন নামঞ্জুরই থাকছে।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক এ আদেশ দেন।
এর আগে মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়। পরে বিকেল ৩টার দিকে জামিন আবেদন খারিজ করেন আদালত।
দুপুর ২টার পরে শুনানি শুরু হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীরা জামিনের পক্ষে আদালতে যুক্তি তুলে ধরেন। আর তার বিরোধিতা করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নাকচ করেন। এর আগে ২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন আবেদন করেন।
গত সোমবার (২০ নভেম্বর) এ শুনানির দিন ধার্য ছিল। ওইদিন শুনানি শুরু হলে আদালতে আইনজীবীদের মধ্যে হট্টগোল দেখা দেয়। পরে বিচারকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে জামিন শুনানির জন্য বুধবার (আজ) দিন ধার্য করেন আদালত।
গত ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গুলশানের বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ওইদিন রাতে প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালানোর মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ডিবি অফিস থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।
আরও পড়ুনঃ তাড়াতাড়ি ডিনার করা আপনার জীবনকে দীর্ঘায়িত করতে পারে





