মাদাগাস্কারে স্টেডিয়ামে হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত ১২
মাদাগাস্কারের রাজধানী আন্তানারিভোর একটি স্টেডিয়ামে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান নটসে।
শুক্রবার আফ্রিকার দেশটিতে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের চলতি বছরের আসরের উদ্বোধনি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
মহামাসিনা স্টেডিয়ামে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে আরও ৮০ জন আহত হয়েছেন। রেডক্রসের কর্মকর্তা আন্তসা মিরাডো বার্তা সংস্থা এএফপিকে জানান, স্টেডিয়ামে প্রবেশের মুখে অনেক লোক ছিল। ধারণক্ষমতার বেশি মানুষ উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আসায় এ ঘটনা ঘটেছে।
সে সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনা। তিনি বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান। মহামাসিনা স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ৪১ হাজার। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পুরো স্টেডিয়াম দর্শকে পূর্ণ হয়ে যায়।
বেশ কিছু ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকজন আহত ব্যক্তি মাটিতে স্তব্ধ হয়ে বসে আছেন। এছাড়া আরও কয়েকজনকে স্টেডিয়ামের বাইরে সরিয়ে নেওয়া হয়।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ আওয়ামী লীগের মিছিল মানেই সারা শহরে মিছিল : ওবায়দুল কাদের





