ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১
ভারতের রাজস্থানে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।
আজ বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটে ভারতের রাজস্থানের ভারতপুরে। বাসটি রাজস্থানের পুষ্কর থেকে উত্তর প্রদেশের বৃন্দাবনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বেঁচে যাওয়া এক যাত্রীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাসটি একটি সেতুর ওপর গিয়ে নষ্ট হয়ে যায়। এসময় চালক এবং কয়েকজন যাত্রী বাসের পেছনে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই দ্রুতগামী ট্রাকটি এসে ধাক্কা দেয়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, তেল ফুরিয়ে যাওয়ায় বাসটি লখনপুর এলাকার আন্ত্রা ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে ছিল। থেমে থাকা বাসটিকে পেছন থেকে ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন পুরুষ ও ছয়জন নারী নিহত হন।
আরও পড়ুনঃ কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম-২০২৩ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী





