ভারতে পাথর কোয়ারি ধসে ৮ শ্রমিক নিহত
ভারতের মিজোরামে একটি পাথর কোয়ারির মাটি ধসে আটজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও চার শ্রমিক নিখোঁজ রয়েছেন।
গতকাল সোমবার মিজোরামের রাজধানী আইজল থেকে ১৬০ কিলোমিটার দূরে দক্ষিণ মিজোরামের হ্নাথিয়াল জেলায় ঘটে এ ঘটনা। পরবর্তীতে আজ মঙ্গলবার সকালে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে হ্নাথিয়াল পুলিশ সুপার বিনীত কুমার জানান, সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা খনি থেকে পাথর তোলার কাজ করছিলেন। হঠাৎই মাটি ধসে পড়ে। দুর্ঘটনার পর অনেকে খনি থেকে বের হতে পারলেও আটকা পড়েন অন্তত ১২ জন।
ভুক্তভোগীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বাকিদের উদ্ধারে অভিযান চলছে বলেও জানান তিনি।





