“ভাঙচুর -ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে আমরা তাদের কাউকে ছাড় দেবো না”
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা আন্দোলন নিয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু কথা হচ্ছে তারা যদি ভাঙচুর করে, তারা যদি এভাবে কারও পরামর্শে বা নেতৃত্বে ভাঙচুর করে, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে, তাহলে আমরা তাদের কাউকে ছাড় দেবো না।
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কোটা আন্দোলন করছে সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই। কিন্তু কথা হচ্ছে তারা যদি ভাঙচুর করে, তারা যদি এভাবে কারও পরামর্শে বা নেতৃত্বে ভাঙচুর করে, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে, তাহলে আমরা তাদের কাউকে ছাড় দেবো না।
তিনি বলেন, ধ্বংস করলেই, জনদুর্ভোগ সৃষ্টি করলেই, রক্ত ঝরালেই, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দেশের স্বার্থে আমাদের কাজটি আইনশৃঙ্খলা বাহিনী করবেন। তাদের প্রতি তাই নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে ভাঙচুর হবে, যেখানেই হত্যাযজ্ঞ হবে, যেখানেই রক্তপাত হবে, আইনশৃঙ্খলা বাহিনী সেই কাজটা, দায়িত্বটা পালন করবে।
মন্ত্রী বলেন, আমাদের ছাত্রদের মনে হয় একটু অপেক্ষা করা উচিত ছিল। এ বিচারে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা উচিত ছিল। না দেখেই নানা ধরনের প্রোগ্রাম দিচ্ছে, রাস্তা অবরোধ করছে। রাস্তা অবরোধ করলে তো সবাই ভুক্তভোগী হয়ে যায়। অনেক কাজে বিঘ্ন ঘটছে।
তিনি বলেন, তারা কোর্টে যেতে পারেন, যেটা প্রধান বিচারপতি বলেছেন কিংবা তারা এসে যোগাযোগ করতে পারেন। এসব কিছুই করতে পারেন, এ সমস্ত রাস্তা তাদের জন্য খোলা রয়েছে। এ খোলা রাস্তায় না গিয়ে, এ ধরনের রাস্তায় যাওয়া তাদের জন্য আমি মনে করি ঠিক ভালো না। এই জায়গাটি থেকে তাদের চলে আসা উচিত। এটাই হলো তাদের কাছে মেসেজ।
আরও পড়ুনঃ “জাতি অপমান থেকে মুক্ত হতে চায়”





