ভাঙচুরের অভিযোগে আরও ২শ জনকে আসামি করে মামলা
খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের দিনে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করেছে আওয়ামী লীগ।
২৩ অক্টোবর বিকেলে নগরীর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক কাজী মোবাক্ষের বাদী হয়ে মামলাটি করেন।
এদিকে, গত শনিবার রাতে খুলনার স্টেশনমাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে বিএনপির ১৭০ জন নেতাকর্মীর নামে মামলা করেন। তবে এ মামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২২ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন নগরীর ডাকবাংলো মোড়ে সোনালী ব্যাংক চত্বরে বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ চলাকালে দুপুর ১২টার দিকে খালিশপুরের নতুন রাস্তা মোড় এলাকায় ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়। এসময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। হামলায় কার্যালয়ের বেশকিছু চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানিয়েছেন, আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
আরও পড়ুন : কয়েক হাজার লোক হলেই বলা হয় লাখ লাখ লোক: ওবায়দুল কাদের





