বিজিবি সদস্যদের হতে হবে দৃঢ় ও নির্ভীক: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষা ও চোরাচালান বন্ধ করতে বিজিবি সদস্যদের হতে হবে দৃঢ় ও নির্ভীক। একইভাবে অভ্যন্তরীণ পরিস্থিতি মোকাবেলায় হতে হবে দায়িত্বশীল ও জনবান্ধব।
আজ সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত বিজিবি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এই আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ ২২৯ বছরের ঐতিহ্যবাহী সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত রক্ষাসহ আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান,বিভিন্ন দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলাসহ দেশগঠনমূলক বিভিন্ন কাজে বিজিবি’র ভূমিকা ও পেশাদারিত্ব প্রশংসার দাবিদার।
উপদেষ্টা আরো বলেন, সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষা ও চোরাচালান বন্ধ করতে বিজিবি সদস্যদের হতে হবে দৃঢ় ও নির্ভীক। একইভাবে অভ্যন্তরীণ পরিস্থিতি মোকাবেলায় হতে হবে দায়িত্বশীল ও জনবান্ধব। তিনি আরো বলেন, উন্নত সুশৃঙ্খল বাহিনীর সফলতা নির্ভর করে সত্যবাদিতা ও প্রতিটি স্তরে ‘চেইন অব কমান্ড’ প্রতিষ্ঠার ওপর। তিনি এসময় ‘চেইন অব কমান্ড’ সুদৃঢ়ভাবে অনুসরণ করে সততার সঙ্গে বিজিবি সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান।
আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগে দুর্নীতিতে বিশ্ববিদ্যালয়গুলো পঙ্গু হওয়ার পথে: শিক্ষা উপদেষ্টা





