বিজয় দিবসেও চলবে মেট্রোরেল
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক থাকবে। এদিন নিয়মিত সূচি অনুযায়ী যাত্রীরা মেট্রোরেলে করে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবেন।
আজ বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে আজ মেট্রোরেলের ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চালু হয়েছে। এর মাধ্যমে বিজয় দিবসের ছুটিতে বিজয় সরণি এলাকায় থাকা চন্দ্রিমা উদ্যান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার ও বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে সহজে দর্শনার্থীরা পৌঁছাতে পারবেন।
এছাড়া ঢাবি স্টেশনের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যান ও বিশ্ববিদ্যালয় এলাকায় সহজে পৌঁছাতে পারবেন রাজধানীবাসী।
কর্তৃপক্ষ বলছে, এই মাসের শেষের দিকে দুটি স্টেশনই একসঙ্গে চালুর পরিকল্পনা রয়েছে। আর তখন থেকেই উত্তরা থেকে মতিঝিল মেট্রো চলবে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত।





