বিএনপি কখনও মানুষের মন জয় করে ক্ষমতায় আসতে চায় না: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি আগুন সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে ক্ষমতায় আসে। আগামীতে ক্ষমতায় আসার জন্য তারা আবারও সেই একি টেকনিক ব্যবহার করছে। কারণ বিএনপি কখনও মানুষের মন জয় করে ক্ষমতায় আসতে চায় না।
আজ শনিবার দুপুর ৩টায় মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার দেড় শতাধিক অসহায়-দরিদ্র মানুষের জাতীয় সমাজ কল্যাণ পরিষদের ২০২৩-২৪ অর্থবছর থেকে বরাদ্দকৃত টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ১০০ টাকা দিয়ে ভোট কিনে চলে যাবেন। সেই দিন আর নাই, মানুষ এখন বুঝে। কারণ মানুষ এখন শিক্ষিত হয়েছে, মানুষ জানে কোথায় ভোট দিতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোথায় উন্নয়ন আছে, মানুষ সে বিষয়গুলো ভালো বোঝে। উন্নয়নের মাধ্যমে ভোটের দাবিদার হতে হবে। প্রমাণ করতে হবে মানুষের উন্নয়নে কাজ করেছি এবং আমি মানুষের বন্ধু। সেইজন্য আমি ভোটের দাবিদার। নির্বাচনের সময় একটা অচেনা-অজানা লোক এসে ভোট দাবি করবে আর ভোট পাবে। সেটা আর সম্ভব না, মানুষ এখন সব বোঝে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য বড় বড় কথা বলছে। তাদের লক্ষ্যই খালি ক্ষমতা। বিএনপির লক্ষ্য হচ্ছে ক্ষমতা আর তাদের দাবি একটাই শেখ হাসিনাকে সরাও, আওয়ামী লীগ সরকারকে সরাও। কিন্তু বিএনপি একবারও বলে না, ক্ষমতায় গেলে আমরা উন্নয়ন করব, মানুষের জন্য এটা-সেটা করব।
আরও পড়ুনঃ সিন্ডিকেটের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই: পরিকল্পনামন্ত্রী





