পোস্টাল ভোটে ৮ লাখের বেশি নিবন্ধন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট দেওয়ার জন্য এ পর্যন্ত ৮ লাখ ৮৭২ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী এই সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৮৭২ জনে। নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ২৮ হাজার ৬১৭ জন এবং নারী ভোটার ৭২ হাজার ২৫৩ জন।
প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৬২ হাজার ৯৯৩ জন নিবন্ধন করেছেন। এরপর কাতারে ৫৯ হাজার ৫৮২, ওমানে ৪৬ হাজার ১৪৩, মালয়েশিয়ায় ৪৩ হাজার ৮২৯, সংযুক্ত আরব আমিরাতে ৩০ হাজার ৮৭৪ এবং যুক্তরাষ্ট্রে ২৬ হাজার ৭৩ জন।
দেশের ভিতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ২ লাখ ৪৪ হাজার ৬৬১ জন। জেলাভিত্তিক শীর্ষে রয়েছে কুমিল্লা (৭১ হাজার ১৪৩), ঢাকা (৬৩ হাজার ৫৯৫), চট্টগ্রাম (৬১ হাজার ৭০৩), নোয়াখালী (৪০ হাজার ৭৪১), সিলেট (৩০ হাজার ৮৯) ও চাঁদপুর (২৮ হাজার ৩১৫)।
আসনভিত্তিক শীর্ষে ফেনী-৩ (১১ হাজার ৭৯৩), চট্টগ্রাম-১৫ (৯ হাজার ৮১১), কুমিল্লা-১০ (৯ হাজার ৪৬৬) এবং নোয়াখালী-১ (৯ হাজার ৩৬৫)।
প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। ইসি সম্প্রতি এই সময়সীমা বৃদ্ধি করেছে। ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারছেন। প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
প্রথমবারের মতো চালু হওয়া এই হাইব্রিড পোস্টাল ভোট ব্যবস্থা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক করেছে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নিবন্ধনের সংখ্যা আরও বাড়বে এবং এটি বিশ্বের জন্য একটি মডেল হিসেবে দেখা হচ্ছে।





