পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
পিরোজপুরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পিরোজপুর-চরখালী সড়কের শংকরপাশায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের আবুল হোসেন মিনার ছেলে মো. ইয়াসিন মিনা (১৪), কচুয়া উপজেলার আল আমিন মল্লিকের ছেলে মো. শাহিন মল্লিক (১৮) ও কচুয়া উপজেলার মো. বাদশা (১৮)।
এ বিষয়ে পুলিশ জানায়, বিকেলে একটি নসিমনে করে বাগেরহাট থেকে বরগুনার পাথরঘটায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন তারা। ওই নসিমনে ২২ জন ছিলেন। বিকেল ৫টার দিকে নসিমনটি সদর উপজেলার শংকরপাশা সড়কে পৌঁছালে মঠবাড়িয়া থেকে ঢাকাগামী গ্রামীণ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে এসে নসিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই যাত্রীর মৃত্যুর হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হন। বাকিদের খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।
পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহেল বলেন, ঘটনাস্থলে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলা হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়। বাকিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ পাকিস্তান আজ আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে: তথ্যমন্ত্রী





