পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থী মনোনয়ন ফিরে পেলেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনে আরও ৭৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে অনেক প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের জানান, আজ মোট ১০০টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে ৭৩টি মঞ্জুর, ১৭টি নামঞ্জুর এবং ১০টি অপেক্ষমাণ রাখা হয়েছে। এখন পর্যন্ত ৩৮০টি আপিলের শুনানি শেষ হয়েছে—যার মধ্যে ২৭৭টি মঞ্জুর, ৮১টি নামঞ্জুর এবং ২৩টি অপেক্ষমাণ রয়েছে।
মোট ৬৪৫টি আপিল দায়ের হয়েছে। আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুনানি শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতির পর বিকেল ৫টা পর্যন্ত চলে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণ কমিশন এসব শুনানি পরিচালনা করেন। আজ ২৮১ থেকে ৩৮০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি হয়েছে।
আগামীকাল ১৫ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩৮১ থেকে ৪৮০ নম্বর আপিলের শুনানি হবে। ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ৪৮১ থেকে ৫১০ নম্বর ও অপেক্ষমাণ আপিল, ১৭ জানুয়ারি (শনিবার) ৫১১ থেকে ৬১০ নম্বর এবং ১৮ জানুয়ারি (রোববার) ৬১১ থেকে ৬৪৫ নম্বর ও অবশিষ্ট অপেক্ষমাণ আপিলের শুনানির মাধ্যমে এই কার্যক্রম শেষ হবে।
প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ৩০০ আসনে ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩টি বাতিল হয়। এরপর আপিল দায়েরের সুযোগ পেয়ে অনেক প্রার্থী প্রার্থিতা ফিরে পাচ্ছেন। নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ এবং ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হবে। ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।





