নির্বাচনে বিএনপির সাথে ফাইনাল খেলা হবে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে। এরপর সেমি ফাইনাল হবে। নির্বাচনে হবে ফাইনাল খেলা। সব খেলায়ই তারা হারবে।
আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর গেলো। শুধু আতঙ্ক সৃষ্টি ছাড়া কিছুই করতে পারেনি। সব অচল করে দেওয়ার ছক এঁকে বিএনপি এখন নিজেরাই অচল। তাদের ১০ দফা দাবির মধ্যে নতুন কিছু নেই। এরপরও খতিয়ে দেখা হচ্ছে মেনে নেওয়ার মতো কোনো দাবি আছে কি না।
সংসদ থেকে বিএনপির সদস্যদের পদত্যাগের বিষয়ে তিনি বলেন, বিএনপির সংসদ সদস্যরা চলে গেলেন। এভাবে বয়কট করা বড় ভুল, অচিরেই বুঝতে পারবেন।
রিজার্ভ নিয়ে তিনি বলেন, দেশে পাঁচ মাসের রিজার্ভ মজুত আছে। তিন মাসের রিজার্ভ জমা থাকলেই দেশ স্বাভাবিক পরিস্থিতিতে থাকে। সেখানে পাঁচ মাসের রিজার্ভ মানে দেশে কোনো সংকট নেই।
আরও পড়ুনঃ রোহিঙ্গাদের জন্য আরও সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য





