নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করছে আফগানিস্তান
আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়ে দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দিনগত রাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
গত বছর আশরাফ গাণির সরকারকে সরিয়ে ক্ষমতায় বসে তালেবান। তখন থেকেই নারীদের শিক্ষার বিষয়ে নানা বিধিনিষেধ আরোপ করে তারা। একই বছর বিশ্ববিদ্যালয়ে নারী-পুরুষ শিক্ষার্থীদের আলাদা শ্রেণিকক্ষে বসার নিয়ম চালু করে। এমনকি পশু চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, কৃষি এবং সাংবাদিকতায় অধ্যায়নের বিষয়ে নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। তালেবানের এমন সিদ্ধান্তে কঠোর সমালোচনা হয় বিশ্বজুড়ে।
সবশেষ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় দেশটির বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিবিসিকে বলেছেন, নারী ও তাদের ক্ষমতাকে ভয় পায় তালেবান। আমি কীভাবে প্রতিক্রিয়া জানাতে পারি? আমি বিশ্বাস করি, আমি পড়াশোনা করে আমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারতাম। কিন্তু তারা তা ধ্বংস করে দিয়েছে।
আরও পড়ুনঃ নিষেধাজ্ঞা এক দিক দিয়ে আসে; অন্য দিক দিয়ে যায়: পররাষ্ট্রমন্ত্রী





