নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় সেনাসদস্যসহ নিহত ৩৪
নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৭ জন সেনাসদস্যসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ে স্থানীয় একটি অধিকার গোষ্ঠীর প্রধান ইসমাইল মাগাজি রয়টার্সকে জানিয়েছেন, সোমবার বিকেলে প্রদেশটির মারু এলাকার প্রত্যন্ত দান গুলবি জেলায় এই হামলার ঘটনা ঘটে।
লাওয়ালি জোনাই নামের এক প্রত্যক্ষদর্শী বলেছেন, এই হামলায় ২৭ জন গ্রামবাসী নিহত হয়েছেন এবং ৭ জন সামরিক সদস্যও হামলায় প্রাণ হারিয়েছে। মূলত বন্দুকধারীদের ভয়ঙ্কর এই হামলা থেকে গ্রামবাসীকে সাহায্য করার জন্য আসার পথে ওই সেনা সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এই অপরাধী গোষ্ঠীটি স্থানীয়ভাবে ডাকাত হিসেবে পরিচিত। গত তিন বছর ধরে এই অপরাধীরা নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলজুড়ে হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করেছে। এসময় তারা হাজার হাজার মানুষকে অপহরণ এবং শত শত মানুষকে হত্যা করেছে।
সাধারণত মোটরসাইকেল ও গাড়িতে করে এসব ডাকাতদল আসে; হামলাস্থলে এলোপাথাড়ি গুলি চালায়, লুটপাট করে এবং মুক্তিপণের জন্য অপহরণ করে। ডাকাতদের এই রক্তক্ষয়ী হামলার কারণে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় রাস্তায় চলাচল বা খামারে ভ্রমণ করা অনিরাপদ হয়ে উঠেছে।





