নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ১২
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বন্দুকধারীদের হামলায় মসজিদের ইমামসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজনকে অপহরণ করা হয়েছে।
শনিবার এশার নামাজের সময় এ ঘটনা ঘটে বলে রোববার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারির নিজ প্রদেশ ক্যাটসিনার ফুন্তুয়া এলাকার বাসিন্দা লাওয়াল হারুনা বলেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে মাইগামজি মসজিদে এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় মুসল্লিরা মসজিদ থেকে পালিয়ে যায়। এশারের নামাজের সময় বন্দুকধারীদের গুলিতে প্রধান ইমামসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।
ফুন্তুয়ার আরেক বাসিন্দা আবদুল্লাহি মোহাম্মদ বলেন, হামলাকারীরা মসজিদ থেকে অনেক লোককে জড়ো করে এবং ঝোপের কাছে নিয়ে যায়। অপহরণ করা নিরীহ লোকদের মুক্তির জন্য আমি তাদের কাছে প্রার্থনা জানিয়েছি।
সরকার সমর্থিত কিছু বাসিন্দার সহায়তায় কয়েকজন মুসল্লিকে উদ্ধার করা হয়েছে।





