নাইজারে বিদ্রোহীদের হামলা; ১২ সেনা নিহত
নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সেনা অবস্থান লক্ষ্য করে বিদ্রোহীদের হামলায় অন্তত ১২ জন সেনা সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে আফ্রিকার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সেনা সদস্যদের ওপর হামলা চালায় শত শত মোটরসাইকেল আরোহী সশস্ত্র বিদ্রোহী।
এ বিষয়ে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিদ্রোহীর হামলা ও এর জেরে সৃষ্ট লড়াইয়ে সাত সেনা নিহত হয়েছেন। অন্য পাঁচজন হামলার শিকার ইউনিটকে সাহায্য করার জন্য যাওয়ার পথে নিহত হন।
এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে এই হামলার পেছনে আল-কায়েদা ও ইসলামিক স্টেট তথা আইএসের হাত রয়েছে বলে সন্দেহ করছে নাইজার প্রশাসন। গত এক দশক ধরে মালির মধ্যাঞ্চল, বুরকিনা ফাসোর উত্তরাঞ্চল ও পশ্চিম নাইজার অঞ্চল সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার কেন্দ্র হয়ে উঠেছে।
চলতি সপ্তাহে নাইজার থেকে ফ্রান্সের রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহারের ঘোষণার পরই এই হামলার ঘটনা ঘটে। গত জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নাইজারের সেনাবাহিনী।
আরও পড়ুনঃ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউরেনিয়াম রূপপুরে পৌঁছালো





