দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৮৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১ জন। এছাড়া ঢাকার বাইরের ১৪৭ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় দুইজন ও ঢাকার বাইরে দুইজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট তিন লাখ ২০ হাজার ৪৬০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ৮১৭ জন আর ঢাকার বাইরে দুই লাখ ১০ হাজার ৬৪৩ জন।
একই সময়ে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১৭ হাজার ৬৬২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৮ হাজার ৪৮০ জন এবং ঢাকার বাইরে দুই লাখ নয় হাজার ১৮২ জন।
২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ২৭ জনের মৃত্যু হয়। একইসঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
আরও পড়ুনঃ “ষড়যন্ত্র হচ্ছে; কিন্তু এদেশে আর ওয়ান ইলেভেন হবে না”





