দেশের বাজারে ফের বাড়ল চিনির দাম
দেশের বাজারে সপ্তাহ ব্যবধানে চিনির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা।
আজ শুক্রবার বাজার ঘুরে দেখা যায়, বাজারে বেড়েছে খোলা ও প্যাকেটজাত চিনির দাম। প্রতিকেজি খোলা ও প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়। এক সপ্তাহ আগে যা ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা।
ক্রেতারা বলছেন, সরকার চিনির শুল্ক কমিয়েছে, তবু দাম কমাচ্ছে না বিক্রেতারা। উল্টো সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে দাম ১০ টাকা বাড়িয়েছে।
তবে বিক্রেতাদের দাবি, বাজারে চিনি পাওয়া যাচ্ছে না। শুল্ক কমিয়ে লাভ নেই। পাইকারি পর্যায়ে দাম না কমলে খুচরা পর্যায়েও দাম কমবে না।
এর আগে বুধবার (১ নভেম্বর) চিনির আমদানি শুল্ক কমিয়ে অর্ধেক করে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপন অনুযায়ী, অপরিশোধিত চিনি আমদানির ক্ষেত্রে প্রতিটন চিনিতে শুল্ক কমানো হয়েছে ১ হাজার ৫০০ টাকা। আর পরিশোধিত চিনির ক্ষেত্রে টনপ্রতি আমদানি শুল্ক ৩ হাজার টাকা কমানো হয়েছে।
আরও পড়ুনঃ সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের ধরতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী





