ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বড় চ্যালেঞ্জ: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এটিকে তিনি একটি আধুনিক হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন, যা অস্ত্রের চেয়েও ভয়াবহ।
শনিবার (২৬ জুলাই, ২০২৫) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি-নির্ভর হস্তক্ষেপ রোধে নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নির্বাচনী প্রক্রিয়াকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। এটি এমন একটি হুমকি, যা ঠেকাতে আমাদের প্রযুক্তিগত সক্ষমতা ও সচেতনতা বাড়াতে হবে।”
ভোটারদের আস্থা ফিরিয়ে আনার বিষয়ে সিইসি বলেন, “আসন্ন নির্বাচনে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভোটারদের আস্থা পুনরুদ্ধার করা এবং তাদের ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করা। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ বাড়ানো আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।”
তিনি আরও জানান, নির্বাচনের আগে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালিত হবে।
সিইসি জোর দিয়ে বলেন, “আমরা একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই। রাতের আঁধারে কোনো কার্যক্রম নয়, সবকিছু দিনের আলোয় পরিচালিত হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। আমাদের লক্ষ্য জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। যদি তা না করতে পারি, তবে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠবে।”
মতবিনিময় সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।





