“তুরস্ক চাইলে ক্ষতিগ্রস্ত এলাকা বিনির্মাণে লোক পাঠাবে বাংলাদেশ”
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক চাইলে ক্ষতিগ্রস্ত এলাকা বিনির্মাণে বাংলাদেশ থেকে জনবল পাঠানো হবে।
আজ শুক্রবার সিলেট নগরীর জিন্দাবাজারে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক বিভাগীয় মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মোমেন বলেন,ওরা (তুরস্ক) বলেছে যে, এখনও তো বহু মরদেহ নিচে রয়ে গেছে। উদ্ধারকাজ চলছে। তারা বলেছেন, পরবর্তীতে রিকনস্ট্রাকশন (পুনরায় নির্মাণ) করব। আমরা বলেছি, তোমরা যদি বাড়িঘর বানাতে চাও, লেবারের যদি দরকার হয়, আমাদের লেবার আমরা দিতে পারব। তারা বলছেন, লুকিং টু ইট। তাদের অবশ্য কনস্ট্রাকশনের লোক আছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা (তুরস্ক) আমাদের প্রশংসা করে বলেছেন যে, সঠিক সময়ে আমাদের লোকজন সেখানে গেছে। আর বলছিল যে, আমাদের লোকজন (উদ্ধারকাজে সহায়তা করতে যাওয়া) আরও কিছুদিন সেখানে থাকতে পারবে কি না? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা এক্সটেনশন (বৃদ্ধি) করেছেন।
বাংলাদেশের ২৫ শিক্ষার্থী তুরস্কে আছেন। ভূমিকম্পে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সরকারের পক্ষ থেকে অর্থ সহযোগিতা করা হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।
আরও পড়ুনঃ ফ্রান্সের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর





