ড. ইউনূসের জাপান সফর: ১ বিলিয়ন ডলার সহায়তা ও ৭ সমঝোতার সম্ভাবনা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে বুধবার (২৮ মে) ভোরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন। এই সফরে জাপান বাংলাদেশের জন্য ১ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করতে পারে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (২৭ মে) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টার এই জাপান সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা আশা করছি, জাপান এই সফরে ১ বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা করবে, যার মধ্যে ৫০০ মিলিয়ন ডলার বাজেটারি সহায়তা, ২৫০ মিলিয়ন ডলার রেলখাতের উন্নয়নের জন্য এবং বাকি ২৫০ মিলিয়ন ডলার বিভিন্ন খাতে ব্যবহৃত হবে।” তিনি আরও জানান, সফরকালে সাতটি সমঝোতা স্মারক ও চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে।
সফরের সময় ড. ইউনূস ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য বৃদ্ধি ও উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হবে





